মনোহরদীতে জমে উঠেছে বিজয়মেলা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:১০
নরসিংদীর মনোহরদীতে জমে উঠেছে মাসব্যাপী বিজয় মেলা। মেলায় নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পশ্চিমা হানাদার বাহিনীর আত্মসমর্পণসহ বাংলার যাবতীয় ইতিহাস-ঐতিহ্য সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে যা ভবিষ্যত্ প্রজন্মকে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সাহায্য করবে। এ মেলায় রয়েছে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে স্থাপিত শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, ১১টি সাব সেক্টর কমান্ডারদের ছবি সম্বলিত ১১টি স্তম্ভ, যুদ্ধকালীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, টেরাকোটায় উপস্থাপিত বাংলার হাজার বছরের রাজনৈতিক ইতিহাস, বিশাল আকৃতির পাহাড় সম্বলিত ঝর্নার প্রতিচ্ছবি, সুশোভিত বিশাল আকারের আকর্ষণীয় টাওয়ার, নয়নাভিরাম ঝিলে বিভিন্ন পাখীর সমারোহ, পাহাড়ি পরিবেশে রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন পশুর সমারোহ। এছাড়া বাঁশ বেত শিল্পের তৈজসপত্রসহ দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্রের প্রায় দুইশত দোকান মেলায় স্থান পেয়েছে। গত ২৪ ডিসেম্বর মনোহরদী-বেলাব আসনের এমপি এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এই বিজয় মেলার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আসাদুজ্জামান।