জামালপুরে প্রতিবন্ধী ছেলের লাঠির আঘাতে বৃদ্ধা মা ও তুচ্ছ ঘটনার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে। সরিষাবাড়ি থানার ওসি কামরুল এহসান জানান, বৃহস্পতিবার সকালে জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রামচন্দ খালী গ্রামের মানসিক প্রতিবন্ধী ছেলে বাদল (২৮) তার মা নূরজাহান বেওয়াকে (৭৫) লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ এবং ঘটনাস্থল থেকে ছেলে বাদলকে গ্রেফতার করেছে। অপরদিকে গত বুধবার রাতে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঝালমুড়ি বিক্রেতা বন্ধু আয়নালের হাতে অপর বন্ধু নরসুন্দর অহর আলী (৩০) খুন হয়েছে। নিহত নরসুন্দর অহর আলী সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।
