অডিও বাজারে দীর্ঘদিন ধরেই সিনিয়র শিল্পীদের কোন অ্যালবাম আসছে না। অনেকদিন ধরে আলোচনা চলছে অডিও গানের কপিরাইট নিয়ে। কিন্তু সেখানেও অডিও প্রযোজক ও শিল্পীদের মধ্যে রয়্যালটি নিয়ে দ্বিধা-বিভক্তির কারণে কোন সমাধান পাওয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে, অডিও প্রযোজকদের অনেকে এখন আর প্রযোজকের ভূমিকায় নেই। তারা নতুন শিল্পীদের কাছ থেকে উল্টো অর্থ নিয়ে অ্যালবাম রিলিজ দেয়াতেই ব্যস্ত।
কনকচাঁপা, ডলি সায়ন্তনী, বেবী নাজনীন, শাকিলা জাফরসহ একাধিক সিনিয়র শিল্পীর অ্যালবাম রেকর্ডিং হয়ে থাকলেও কোন অডিও কোম্পানি এই অ্যালবামগুলো প্রকাশের উদ্যোগ নিচ্ছে না। এ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘আমাদের কাজ গান করা। এক্ষেত্রে ভালো গান তো আমরা করে যাচ্ছি। এখন এটার বিপণন বা বাজারজাতকরণের দায়িত্ব অডিও প্রযোজকদের। তাদেরকেই অ্যালবাম প্রকাশের প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে হবে। বর্তমান এই অবস্থা চলতে থাকলে হয়তো একদিন নতুন শিল্পীরাও অডিও প্রযোজকদের কাছে যাওয়া বন্ধ করে দেবে।’উল্লেখ্য, শুধু গায়িকারাই নন, সুবীর নন্দী, খুরশীদ আলমের বেশ কিছু গান রেকর্ড হলেও সেগুলোও রিলিজের কোন উদ্যোগ নেই। বর্তমানে এই পরিস্থিতি উত্তরণে এলসিএস, এমআইবিসহ সঙ্গীত বিষয়ক সংগঠনের একাত্মতার প্রত্যাশা করছেন সবাই।
