নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়া থেকে দুটি অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ আনা হবে। তিনি বলেন, বর্তমানে রুস্তম ও হামজা নামে দুটি উদ্ধারকারী জাহাজ আমাদের আছে। কোরিয়ায় তৈরি আরও দুটি অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ আনা হবে। যার উত্তোলন ক্ষমতা ৫০ টন।
শাজাহান খান বৃহস্পতিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে ডিজিটাল রোড ভেহিক্যাল ওয়েব্রিজ স্কেল উদ্বোধন উপলক্ষে কেরানিগঞ্জের আব্দুল্লাপুর বেড়িবাঁধে আয়োজিত সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্ম সচিব আনন্দ চন্দ্র বিশ্বাস, সোহরাব হোসেন শেখ, কেরানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা মোঃ বাবুল মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আঃ রহিম, সার্কেল এএসপি ডাঃ শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সরকারের নানা উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, বরিশাল, রংপুর, সিলেট ও পাবনায় চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে। ইতোমধ্যে বরিশাল ও পাবনায় একাডেমি নির্মাণের কাজ শুরু হয়েছে। আলোচনা শেষে মন্ত্রী ডিজিটাল রোড ভেহিক্যাল ওয়েব্রিজ স্কেল উদ্বোধন করেন।
