যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল-গোরের মালিকানাধীন ‘ইউএস ক্যাবল চ্যানেল কারেন্ট টিভি’ ঘোষণা দিল ‘আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক’। গত বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরার পক্ষ থেকে জানানো হয়, তারা ক্রয় করা টিভি চ্যানেলটিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ চ্যানেল ‘আল-জাজিরা, আমেরিকা’ নামে প্রতিষ্ঠা দেবে।
এটি হবে নিউইয়র্ক শহরে আল-জাজিরার প্রধান কার্যালয়। এর সঙ্গে যুক্ত হবে সংবাদ সংস্থাটির নিউইয়র্ক ব্যুরো, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি ও শিকাগো। এই কার্যালয়ের মাধ্যমে আল-জাজিরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত ব্যুরো অফিস খোলারও পরিকল্পনা করছে। মনে করা হচ্ছে, কারেন্ট টিভি কেনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ ও তথ্য ক্ষেত্রে আল-জাজিরার যুগান্তকারী ইতিবাচক যাত্রার সূচনা হবে।
আল-জাজিরার ডিরেক্টর জেনারেল জসিম আল-থানি এক বিবৃতিতে বলেন, বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সংবাদ ও তথ্য ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক পদক্ষেপ নিতে পারি। আজ যা ঘোষণা করা হলো, তা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হবে।কারেন্ট টিভি অর্জনের মাধ্যমে আল-জাজিরা যুক্তরাষ্ট্রে সম্প্রচার সম্প্রসারে গুরুত্বপূর্ণ স্বাক্ষর রাখবে।
এদিকে, ইউএস ক্যাবল চ্যানেল কারেন্ট টিভির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল-গোর এবং তার অংশীদার জোয়েল হায়াত এক বিবৃতিতে আল-জাজিরার কাছে তাদের মালিকানাধীন টিভি চ্যানেলটি বিক্রির ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, সাত বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল-গোরের মালিকানায় ইউএস ক্যাবল চ্যানেল কারেন্ট টিভি নিউইয়র্ক শহরে যাত্রা শুরু করেছিল।
