ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২৭ আহত ৬০

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:২৫
ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় শিয়া মুসলিম সমপ্রদায়ের অন্তত ২৭ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে দেশটির মুসায়ব শহরে। গত বৃহস্পতিবার গাড়িবোমা হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কারবালায় বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়ার পর শিয়া পুণ্যার্থীরা বাগদাদ ও উত্তরাঞ্চলীয় প্রদেশে ফিরতে যখন বাসের জন্য অপেক্ষা করছিলেন ঠিক সেই সময় আত্মঘাতী হামলাকারী নিজেই গাড়ি চালিয়ে সেখানে এসে বোমার বিস্ফোরণ ঘটান। আলি সাব্বার নামের প্রত্যক্ষদর্শী পুণ্যার্থী বলেন, ‘আমি একটি স্যান্ডউইচ কিনছিলাম। হঠাত্ ওখানেই একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। আমার জ্ঞান ফিরে এলে দাঁড়িয়ে দেখি আশপাশে বেশকিছু লাশ পড়ে আছে। উল্লেখ্য, আশুরার চল্লিশ দিন পর আরবাইন বা চেহলাম অনুষ্ঠিত হয়। শিয়া মুসলিমদের কাছে এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কারবালায় প্রায় দেড় কোটিরও বেশি মানুষ জমায়েত হয়।