সাবেক সেনাপ্রধান গ্রেফতার
অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তুরস্কের সাবেক সেনাপ্রধান ইসমাইল হাক্কি কারাদায়িকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে তার ইস্তাম্বুলের বাড়ি থেকে গ্রেফতারের পর রাজধানী আঙ্কারায় নেয়া হয়। ১৯৯৭ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইসলামপন্থী সরকারের প্রধানমন্ত্রী নেকমেতিন এরবাকান। এ অভ্যুত্থানের জন্য সে সময়ে সেনাবাহিনীর চিফ অব স্টাফের দায়িত্ব পালনকারী ইসমাইল হাক্কি কারাদায়িকে দায়ী করা হয়। ওই সময় শক্তিশালী সামরিক বাহিনী সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। তুরস্কের সেনাবাহিনীকে দেশটির ধর্মনিরপেক্ষ সংবিধানের রক্ষাকবচ বলে মনে করা হয়। -বিবিসি
ফিলিপাইনে নিহত ৩
ফিলিপাইনের জনাকীর্ণ বাজারে শুক্রবার এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। হামলাকারী পরে নিজেই নিজেকে হত্যা করে। জেলা পুলিশ প্রধান জায়মে রোলন জানান, রাজধানী ম্যানিলা থেকে ৪০ কিলোমিটার দূরে কায়িত শহরে হামলার এ ঘটনা ঘটে। তবে বন্দুকধারী কেন এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। -এএফপি
কিউবায় রাজবন্দী বেড়েছে
কিউবায় ২০১২ সালে রাজনৈতিক বন্দীর সংখ্যা ৬ হাজার ৬শ’ ২ তে রেকর্ড করা হয়েছে, যা পূর্বের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। কমিটি ফর হিউম্যান রাইটস এন্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন বৃহস্পতিবার একথা জানিয়ে বলেছে, কেবল ডিসেম্বরেই ৫শ’ ৬৭ জনকে আটক করা হয়েছে। এদিকে ২০১১ সালে মোট রাজনৈতিক বন্দীর সংখ্যা ছিল ৪ হাজার ১শ’ ২৩ জন। দিন দিনই রাজনৈতিক বন্দীর সংখ্যা বাড়ছে, যা ক্রমবর্ধমান রাজনৈতিক দমন-পীড়নেরই প্রমাণ। - এএফপি
ক্লাস শুরু হল সেই স্কুলে
আমেরিকার কানেকটিকাটের স্যান্ডি হুক স্কুলে আবারও ক্লাস শুরু হয়েছে। গত ১৪ ডিসেম্বর কানেকটিকাটের ওই স্কুলে অ্যাডাম ল্যানজার গুলিতে ২০ শিশু এবং ছয়জন শিক্ষকের মৃত্যুর পর বন্ধ ছিল স্কুলটি। বুধবার স্কুল খুলে দেয়া হলে খুশি হয় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে খুশি হয় অভিভাবকরাও।
- রয়টার্স
