টঙ্গীতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তাবলীগ জামাতের মহা-সম্মেলন ৪৭তম বিশ্ব ইজতেমা আগামী ১১ জানুয়ারি থেকে দুই পর্বে ৩দিন করে শুরু হচ্ছে।
প্রথম পর্ব ১১ জানুয়ারি ৪দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৮ জানুয়ারি শুরু হবে। ২০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। বিশ্বইজতেমা উপলক্ষে গত ২৭ ডিসেম্বর গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৬ জানুয়ারি টঙ্গী পৌরসভায় বিশ্বইজতেমার প্রস্তুতিমূলক কার্যক্রমের সর্বশেষ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেলসহ গাজীপুরের সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক নূরুল ইসলাম, জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন, জেলা পরিষদের প্রশাসক মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, ইজতেমা মাঠের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শীর্ষ মুরুব্বীগণ ও ইজতেমা মাঠে প্রস্তুতি কাজে বিভিন্ন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন টঙ্গী পৌর মেয়র এড. মো. আজমত উল্লা খান।
