চট্টগ্রামে ২ কন্যা শিশুসহ মায়ের আত্মহত্যা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১১:৪৪

চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলায় এক গৃহবধূ বিষপান করিয়ে দুই শিশুকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। রাঙ্গুনয়াি থানার ওসি জানান, সোমবার গভীর রাতে উপজেলার সড়ফভাটা ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

মৃতরা হলেন— সিকদারপাড়ার নূর নবীর স্ত্রী ডেইজি আক্তার (২৮), তার দুই শিশুকন্যা ইভা আক্তার (৬) ও ইসরাত নূর (১০ মাস)। রাত দুইটায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক মা ও দুই কন্যা শিশুকে মৃত ঘোষণা করেন।

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, ডেইজি আক্তার বাড়িতে দুই মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন। পারিবারিক অশান্তির কারণে ডেইজি তার শিশুদের নিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে আত্মীয়-স্বজনরা ধারণা করছেন। রাঙ্গুনীয়া থানা পুলিশ জানায় আত্মহত্যার কারণ তদন্ত করে বের করা হবে।

 

ইত্তেফাক/এএম