ডাকসুর সাবেক ভিপি, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, তুখোড় রাজনীতিবিদ সুলতান মোহাম্মদ মনসুর আওয়ামী লীগের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ায় তার শুভাকাঙ্ক্ষী বিশেষ করে বৃহত্তর সিলেট অঞ্চলের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে তার অনুসারী নেতাকর্মীরা হতাশ। ক্ষোভে ফুঁসছেন অনেকে। তবে আপাতত তা ছাইচাপা হয়ে আছে। কথিত সংস্কারবাদের অভিযোগে সিলেটের এই জনপ্রিয় নেতাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে তার একান্ত অনুসারীরা মনে করেন। শুধু তাই নয়, তার নিজ জেলা মৌলভীবাজার ও জন্মস্থান কুলাউড়ায় তাকে কিভাবে কোণঠাসা করে রাখা যায় সে ব্যাপারে তত্পর রয়েছে একটি সুবিধাবাদী চক্র।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল শুক্রবার সুলতান মোহাম্মদ মনসুরের সঙ্গে যোগাযোগ করলে তিনি ইত্তেফাককে বলেন, পদ-পদবী না থাকলেও অতীতের মতো এখনো রাজনীতিতে সক্রিয় আছি এবং ভবিষ্যতেও থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবো। নির্বাচনী তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত নেব কোন্ আসন থেকে এবং কয়টি থেকে নির্বাচন করবো। তবে নির্বাচন থেকে কেউ আমাকে বিরত রাখতে পারবে না। দলে এবারো উপেক্ষিত থাকা প্রসঙ্গে তিনি বলেন, আমার মতো বা আমার চেয়েও গুরুত্বপূর্ণ আরো অনেকেই নেই। তাই এ ব্যাপারে মন্তব্য নিষ্প্রয়োজন। তিনি বলেন, প্রকৃতি তার আপন গতিতে এগিয়ে যায়। সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই। কেউ তা দাবিয়ে রাখতে পারবে না।
অনুসারী নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উত্স। জনগণের মনোভাব, আকাঙ্ক্ষা, ইচ্ছার বিরুদ্ধে যে কিছু করে, সে ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
