রামগতিতে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৪:২০

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। মঙ্গলবার দপুর পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে জারিরদোনা ও হেতনারখাল এলাকা থেকে এ জাল জব্ধ করা হয়।

অভিযোনে সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেনসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, রামগতি কন্টিজেন্টস কমান্ডার সহিদুল হকসহ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।  

আরও পড়ুন: আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, নিষিদ্ধ সময়ে কয়েকজন জেলে অবৈধ জাল নিয়ে মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস করছে। মঙ্গলবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা মেঘনা নদীর জারিরদোনা ও হেতনার খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেঘনা নদীতে ফেলানো অবস্থায় প্রায় ৭ লাখ টাকা মূল্যের ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ করা হয়। অভিযানের টের  পেয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে জেলেরা পালিয়ে যায়। পরে জব্ধ করা জালগুলো আলেকজান্ডার আসলপাড়া লঞ্চ ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

প্রসঙ্গত, ইলিশের জাটকা সংরক্ষণের জন্য মেঘনা নদীর উপকূলীয় ইলিশ অভয়াশ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু‘মাসের জন্য (মার্চ ও এপ্রিল) ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় সারা দেশে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় এবং মওজুদও নিষিদ্ধ করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম