‘বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি ভ্লাদিমির পুটিন’

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৪১
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফরেন পলিসিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের নাম নির্বাচিত করা হয়েছে। তবে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম স্থানটি শুন্য রাখা হয়েছে। — খবর এনডিটিভির। ম্যাগাজিনটির সম্পাদক ইয়ান ব্রেমার কেন প্রথম স্থানটি শূন্য রাখা হয়েছে তার কারণ হিসাবে বলেছেন, বিশ্বের অনেক কঠিন ও বিপজ্জনক চ্যালেঞ্জ মোকাবিলা করতে নতুন কারও জন্য প্রত্যেকেই অপেক্ষা করছেন। এখানে সে কারনে প্রথম স্থানটি খালি রাখা হয়েছে। শীর্ষস্থানের প্রতি ইঙ্গিত করে ব্রেমার বলেন, ইউরেশিয়া অঞ্চল থেকে বিশ্ব রাজনীতির একটি প্রভাবশালী পক্ষ খুব দ্রুত উঠে আসছে। পুটিনের পর তৃতীয় অবস্থানে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’ এর চেয়ারম্যান বেন বেরনানকে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল রয়েছেন চতুর্থ স্থানে। তবে পঞ্চম প্রভাবশালী ব্যক্তি হচ্ছেন ‘টাইমের পারসন অব দ্য ইয়ার’ বারাক ওবামা। এছাড়া, বিশ্বের প্রভাবশালী নেতা হিসাবে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান মারিও দ্রাগি ষষ্ঠ, চীনের কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং সপ্তম, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অষ্টম অবস্থানে রয়েছেন। খামেনির সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে আছেন আইএমএফের প্রধান ক্রিস্টিনে লাগার্দ। নবম স্থানটি শূন্য রেখে দশম প্রভাবশালী ব্যক্তি হিসাবে নির্বাচিত করা হয়েছে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদাল আজিজকে।