তুরস্কে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সৈন্যদল বিমান ঘাঁটি দখলে চলছে যুদ্ধ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৪২
তুরস্কে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সৈন্যদল। গত শুক্রবার সৈন্যদল পৌঁছায় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সিরিয়া সীমান্তের কাছে মোতায়েনকৃত বিমান বিধ্বংসী প্যাট্রিয়ট মিসাইল তত্ত্বাবধানের লক্ষ্যে তাদের পাঠানো হয়েছে। এর আগে সিরিয়া তুরস্কের সীমান্তের কাছে স্কাড মিসাইল হামলা চালায়। এদিন সিরিয়া জুড়ে ১২৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে বিরোধীদের একটি নেটওয়ার্ক লোকাল কো-অরডিনেশন কমিটি।—খবর সিএনএন। সিরিয়ার ঐ বিমান হামলার পর যুক্তরাষ্ট্র, জার্মানি এবং নেদারল্যান্ড, সিরিয়ার ব্যালাস্টিক মিসাইল হামলা প্রতিরোধ করতে তুরস্কের সীমান্ত এলাকায় বিমান বিধ্বংসী মিসাইল মোতায়েন করেছে। মিসাইল এবং সৈন্যদল ন্যাটোর নিয়ন্ত্রণাধীন থাকবে। তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মিসাইল পরিচালনা করবে। গ্রুপ ২৭ ইউএস সৈন্যদল তুরস্কের গাজিয়ান্তেপে অবস্থান নিয়েছে বলে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে। সৈন্য পৌঁছানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন তথ্য দেয়া হয়নি। তবে তুরস্কে সেনা পাঠানো হবে বলে গত মাসে তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল। এদিকে শুক্রবার সরকারি বাহিনীর কাছ থেকে বিমান ঘাঁটি নিয়ন্ত্রণে নিতে তিনদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল ফ্রি সিরিয়ান আর্মি।