শ্যামলীর ফুটপাতগুলো বেদখল হয়ে যাচ্ছে

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫৪
রাজধানীর শ্যামলীর রিংরোড ও খিলজি রোডের ফুটপাত দিয়ে হাঁটাই দায়। মোহাম্মদপুর থানার অন্তর্গত শ্যামলীর রাস্তা ও ফুটপাতগুলোকে বর্তমানে বেশ প্রশস্ত করে বেশ প্রশংসার দাবিদার হয়েছিলেন বর্তমান সরকার। রাস্তা মেরামত করার পর বেশকিছু অবৈধ দোকান ও ভ্যানস্ট্যান্ড ফুটপাত থেকে উচ্ছেদও করা হয়েছিল চলাচলের জন্য। কিন্তু থানা-পুলিশের অসহযোগিতার কারণে আবার দখলবাজরা ফুটপাতগুলো দখল করতে মরিয়া হয়ে উঠেছে। কোথাও দোকানিরা রাস্তা দখল করেছে, কোথাও অবৈধ ভ্যানস্ট্যান্ড কিংবা দূরপাল্লাগামী বাস কাউন্টার, কোথাও বা চা-সিগারেটের ছোট ছোট দোকান উঠিয়ে যে যেভাবে পারছে জায়গা দখল করে নিচ্ছে। জানা গেছে, এ সব অবৈধ দোকান ও ভ্যানস্ট্যান্ড থেকে নিয়মিত মাসোহারা আদায় করা হয়। শ্যামলী হলের পেছনে খিলজি রোডের শ্যামলী হল বিল্ডিং-এর প্রত্যেকটি দোকানের ফুটপাতে দোকানিদের মালামালের কারণে পথচারীদের হাঁটাচলা করতে বেশ অসুবিধা হচ্ছে। এছাড়া রিংরোড ও খিলজিরোডে বেশকিছু দূরপাল্লার বাস দিনে ও রাতে দাঁড়িয়ে থেকে তৈরি করছে ভয়াবহ যানজটের। সমগ্র ফুটপাত জুড়ে ভ্যানস্ট্যান্ড বানিয়ে ভ্যানভাড়া দেয়া হচ্ছে। এ অবস্থায়, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি— শ্যামলী থেকে অবৈধ কাউন্টার ভ্যানস্ট্যান্ড ও দখলবাজদের উঠিয়ে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিন। রাজু আহসান, রিং রোড, শ্যামলী, ঢাকা।