অবিলম্বে গ্যাস সংযোগ দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন। এসোসিয়েশনের নেতৃবৃন্দ গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান। তারা বলেন, প্রাকৃতিক গ্যাস দেশের মহা মূল্যবান সম্পদ। এই সম্পদের সদ্ব্যবহার করতে হবে।
বক্তারা বলেন, প্রাকৃতিক গ্যাসকে পরিবেশবান্ধব করতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড ১৯৯৭ সাল পর্যন্ত ঢাকা শহরে একটি সিএনজি কনভার্শন সেন্টার ও চারটি সিএনজি রি-ফুয়েলিং স্টেশন স্থাপন করে। উক্ত কনভার্শন সেন্টারটি ২০০৫ সাল পর্যন্ত মাত্র ৩৩ হাজার ২৮টি সরকারি যানবাহনকে সিএনজিতে রূপান্তরিত করতে সক্ষম হয়। যা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল।
বক্তারা অবিলম্বে গ্যাস সংযোগ বঞ্চিত ৫৮টি সিএনজি স্টেশনকে গ্যাস সংযোগের আহবান জানান। একই সঙ্গে তারা, ২০০১ সালে পরিবেশবান্ধব জ্বালানি নীতির বাস্তবায়ন, বায়ু দূষণ দ্রুত হ্রাস করতে সরকার সিএনজি খাতকে বেসরকারিভাবে উন্নয়নে উত্সাহ প্রদান, সিএনজি ফিলিং স্টেশন স্থাপন, এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনার আমদানিকৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশের উপর প্রযোজ্য সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক মওকুফের দাবি জানান।
