আজ দিনাজপুর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৪
আজ দিনাজপুরের মাইন বিস্ফোরণ ট্রাজেডী দিবস। ১৯৭২ সালের এই দিনে (৬ই জানুয়ারী) মাইন বিস্ফোরণে নিহত হয়েছিলেন প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের পর ১৬ ডিসেম্বর দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীস্থ মহারাজা হাইস্কুলে স্থাপন করা হয় মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্প। দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গের হামজাপুর, তরঙ্গপুর, পতিরামপুর ও বাঙ্গালবাড়ী ক্যাম্পের প্রায় ৮ শতাধিক মুক্তিযোদ্ধা এ ক্যাম্পে সমবেত হন। তারা পাক বাহিনীর পুতে রাখা স্থল মাইন ও লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে মহারাজা স্কুলের দক্ষিনাংশের বাংকারে জমা করতেন। ৭২ সালের ৬ জানুয়ারী জমা করা মাইন বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে কতজন শহীদ হন তা জানা যায়নি। তবে ওই দূর্ঘটনায় আহত যাদেরকে জেনারেল হাসপাতাল ও মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে ২৯ জনের লাশ পাওয়া গিয়েছিল। এর বাইরে উত্তর বালুবাড়ী-কুমারপাড়া মহল্লার আরও ১৫ জন লোক মারা যায়। ওই ঘটনায় আহতদেরকে বিভিন্ন স্থানে নেয়ায় নিহতের সঠিক হিসাব পাওয়া না গেলে ঘটনার দিন সকালে রোল কলের তালিকা মোতাবেক প্রায় ৫ শতাধিক মুক্তি যোদ্ধার মৃত্যু হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শহীদ মুক্তিযোদ্ধাদের অধিকাংশ ছিলেন দিনাজপুর শহরের বাইরের। ফলে বেশিরভাগ শহীদের নাম, পরিচয় জানা যায়নি। তবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের প্রচেষ্টায় ১শ’২২ জন নিহত মুক্তিযোদ্ধা ও ৪৪ জন আহত মুক্তিযোদ্ধার নাম সংগ্রহ করা সম্ভব হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৬ জানুয়ারী স্মৃতি পরিষদ আজ রোববার ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, শহীদের কবরে পুস্পস্তবক অর্পন, শোক র্যালী, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।