রংপুর রোকেয়া ভার্সিটিতে বিক্ষোভ, তালা আল্টিমেটাম

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৯
রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও লাইব্রেরি চালু, আরো বাস প্রদান, স্থায়ী মেডিক্যাল সেন্টার নির্মাণ, নর্থ বেঙ্গল ইনস্টিটিউট বন্ধ, স্মৃতিস্তম্ভ নির্মাণ ও জামায়াতপন্থি কর্মকর্তার অপসারণের দাবিতে গতকাল শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন করে। এর আগে তারা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন করে। শিক্ষার্থীরা কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা ভিসির এ কথা না মেনে ২৪ ঘণ্টা দাবি বাস্তবায়ন করার সময় বেঁধে দেয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষক ছাত্রদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল জলিল মিয়া জানিয়েছেন, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবি মেনে নিয়েছি। আগামী মার্চ মাসের প্রথম দিনই হল খুলে দেয়ার ঘোষণা দিয়েছি। তবে আন্দোলনকারীরা ভিসির এ কথা মেনে না নিয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়। ভিসি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেয়া সম্ভব নয়। আন্দোলনকারী শিক্ষক গণিত বিভাগের প্রধান হাফিজুর রহমান জানান, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আমাদের এ আন্দোলন চলবে। আন্দোলন চলাকালে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে ইট পড়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র আসাদুজ্জামান নূর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রশাসন ভবনের সামনে আন্দোলনকালে ভবনের চারতলায় শ্রমিকরা কাজ করছিল। এ সময় ইট পড়ে ছাত্রটি আহত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আন্দোলনের মুখে মাসখানেক আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন কর্মীকে বহিষ্কার করার পর কয়েকজন শিক্ষক এবং একটি পক্ষ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চাপ প্রয়োগ করে আসছিল। ওই পক্ষ আন্দোলনের পথ বেছে নেয়।