বিমানবন্দর থেকে ১০টি বানর ও ১৬০টি পাখি উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:১২
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আমদানি নিষিদ্ধ ১০টি বানর ও দেড়শতাধিক বিভিন্ন ধরনের পাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিমান বন্দরের কন্টেইনার ডিপো থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। পুলিশের অভিযোগ, এসব বন্য প্রাণী দক্ষিণ আফ্রিকা থেকে অবৈধভাবে আনা হয়েছে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। বন বিভাগের দেয়া তথ্যমতে, উদ্ধার করা প্রাণীগুলোর দাম অন্তত ১৫ লাখ টাকা। এ ব্যাপারে বিমান বন্দর থানায় মামলা হয়েছে। ঘটনা সম্পর্কে বিমান বন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে ইমপোর্ট কার্গো শেডের সামনে ঘোরাঘুরি করছিলেন মোস্তাফিজুর রহমান। এ সময় এপিবিএনের সহকারী পুলিশ সুপার মোতাজ্জের হোসেন এসব প্রাণী নিয়ে আসার ব্যাপারে বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু মোস্তাফিজুর তা দেখাতে পারেননি। তিনি জানান, প্রাণীগুলো নাজমুল হুদা মঞ্জুর নামে একজন আমদানি করেছেন। পরে সাংবাদিকরা নাজমুল হুদা মঞ্জুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ প্রাণীগুলো তিনি শখ করে নিয়ে এসেছেন। তিনি বলেন, আমি আগে থেকেই ঢাকার সাভারে পশু-পাখি পালন করি, তবে কোনো বন্য প্রাণী আমার কাছে নেই। দক্ষিণ আফ্রিকা থেকে তার এক বন্ধু এ বানরগুলো তাকে উপহার পাঠিয়েছে।