কৃষকদের কথা বিবেচনা করে অবশেষে চাল রপ্তানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আজ রবিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, পরপর গত দুই মৌসুমেই বাম্পার ফলন হয়েছে আমন, বোরোর; কিন্তু কৃষকের মুখে হাসি নেই। কারণ, ফসল বেচে লাভতো দূরের কথা, উত্পাদন খরচই উঠছে না।
তাই কৃষককে লোকসানের হাত থেকে বাঁচাতেই চাল রপ্তানির এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চাল রপ্তানির প্রয়োজনীয়তার বিষয়ে কয়েকটি কারণ তুলে ধরে একটি সার-সংক্ষেপ তৈরি করা হয়েছে। যা আজ প্রধানমন্ত্রীর কাছে দেয়া হবে। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সূত্র জানিয়েছে, রপ্তানির পাশাপাশি আভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহের ব্যাপারেও বৈঠকে গুরুত্ব দেয়া হবে। তবে বর্তমানে সরকারের গুদামে প্রায় ১৭ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। নতুন করে আর খাদ্যশস্য গুদামে রাখার জায়গা নেই। এজন্য সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে চাল বিতরণের উপর গুরুত্ব দেয়া হবে।
তবে স্বল্প আয়ের মানুষ যেন বিতরণ করা চাল কিনতে আগ্রহ দেখায় সেজন্য দাম কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হবে। এতে মানুষ ওএমএস, ফেয়ারপ্রাইস কার্ডের মাধ্যমে স্বল্প দামে চাল কিনতে আগ্রহ দেখাবে।
সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই বৈঠকে অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, খাদ্যমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।
