চট্টগ্রামে গার্মেন্টসে আগুন আতংক হুড়োহুড়িতে আহত ৪০ শ্রমিক

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:১৭
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) শনিবার সকালে একটি পোশাক কারখানায় আগুন আতংকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ৪০ জন শ্রমিক আহত হয়েছে। প্যাসিফিক জিনস ২০০০ লিমিটেড নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত এক শ্রমিককে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের বেপজা হাসপাতালে চিকিত্সা দেয়া হয় বলে সিইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আব্দুর রশিদ জানান। জানা যায়, গতকাল সকালে প্যাসিফিক জিনসের কারখানা ভবনের ৬ তলায় কাজ করছিলেন কয়েকশ মহিলা ও পুরুষ শ্রমিক। এ সময় ওই ফ্লোরের সুইচ বোর্ডে হঠাত্ শর্টসার্কিট হলে শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজনের হাত, পা মচকে যায়। অনেকে ধাক্কাধাক্কিতে সিঁড়িতে পড়ে যান। ছয়তলার শ্রমিকদের হুড়োহুড়ি করে নামতে দেখে অন্য শ্রমিকরাও কারখানা ছেড়ে বেরিয়ে আসে। তবে আধাঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।