আইন মেনে না চলায় তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিককে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ। দাবি না মানলে আগামী ১০ জানুয়ারি শ্রমিক সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে। নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ করে টাকা এবং আহত শ্রমিকদের প্র্রয়োজনীয় চিকিত্সা প্রদানের দাবি জানানো হয়েছে।
গতকাল শনিবার সকালে রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে তাজরীন ফ্যাশনস লিমিটেডের শ্রমিক হত্যার দায়ে মালিকের গ্রেফতারের দাবিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্চের সমন্বয়কারী লাভলী ইয়াসমিন।
তিনি বলেন, আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডের ১২৪জন শ্রমিক আগুনে পুড়ে মারা যাওয়ার পরেও সরকার তাজরীনের মালিককে গ্রেফতার করেনি। তাজরীনের মালিক মো. দেলোয়ার বিলাসবহুল গাড়ি করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। দেলোয়ারের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, অথচ দেড় মাসেও তাকে গ্রেফতার করা হলো না। এটা কি সরকারের ব্যর্থতা, নাকি অন্য কিছু?
তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টে অগ্নিকাণ্ডের জন্য মালিক পক্ষের আইন না মেনে চলাকে দায়ী করা হয়েছে। এ ঘটনায় বিজিএমইএর তদন্ত রিপোর্টে কারখানায় কর্মরত কিছু পদস্থ কর্মচারীকে দায়ী করে সুকৌশলে মালিককে বাঁচানোর চেষ্টা করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবুল হোসাইন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম সুজন, ফেরদৌসী বেগম, গোলাম রাব্বানী জামিল, শামিমা শিরীন, আবু সুফিয়ান, তপন সাহা প্রমুখ।
