যৌন হয়রানিসহ নানা কারণে মাধ্যমিক পর্যায়ে ৪৬ ভাগ ছাত্রী ঝরে পড়ছে। ছাত্রীদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধ ও যৌন হয়রানি নির্মূলে সামাজিক সচেতনতা সৃষ্টি ও মানসিকতার পরিবর্তন জরুরি। এজন্য মিডিয়া অগ্রণী ভূমিকা পালন করতে পারে। গতকাল শনিবার রাজশাহীর একটি রেস্টুরেন্টে ‘যৌন হয়রানি নির্মূলে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ তথ্য উপস্থাপন করেন। সভায় বক্তারা বলেন, স্কুল পর্যায়ে যৌন হয়রানি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দেশের ১৩টি জেলার ৪শ’ স্কুলে সচেতনতামূলক কর্মসূচি শুরু করা হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরীর ২০টি স্কুলও রয়েছে।
সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোজাম্মেল হোসেন বকুল, ব্র্যাকের জেলা প্রতিনিধি একেএম জাহেদুল ইসলাম, মেজনিন-কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মীর সামসুল আলম ও ঝর্ণা দাস, ব্র্যাক লার্নিং সেন্টারের ইনচার্জ হাদিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে শাস্তির বিধান করলেই যৌন হয়রানির মত সামাজিক ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। যথাযথ আইন প্রয়োগের পাশাপাশি নারীর প্রতি বিদ্বেষপূর্ণ ও সহিংস সংস্কৃতির পরিবর্তন ঘটিয়ে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক, সহমর্মিতা, দায়িত্বশীল, সুস্থ সম্পর্কের বিকাশের প্রতি মনোযোগ দিতে হবে। এতে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
