‘বিরোধী দলের আহূত হরতাল উন্মাদের সিদ্ধান্ত’ বলে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দলের নয়াপল্টস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী তেলের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে বলেছেন তেল বিদেশে পাচার হয়ে যায় বলেই মূল্য বাড়ানো হয়েছে। আমি বলতে চাই, পাচার ঠেকানোর দায়িত্ব কার। আপনি পাচার ঠেকাতে না পারলে পদত্যাগ করেন। জনগণের গলায় ছুরি দিয়ে কি পাচার রোধ করবেন? রিজভী বলেন, অর্থমন্ত্রীর এই বক্তব্যে রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ গল্পের পাগলা মেহের আলীর কথা মনে পড়ে যায়।
