গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:২৮
প্রকৃতির স্বাভাবিক নিয়মেই একসময় গাছে ফুল ধরে। আবার সেই ফুল থেকে জন্ম হয় ফলেরও। তবে আপনি কি জানেন, পুয়া রাইমন্ডি নামের এক ধরনের গাছে ফুল ফুটতেই পেরিয়ে যায় প্রায় ৮০ থেকে ১৫০ বছর। বিজ্ঞানীদের জানা মতে বিশ্বের সবচেয়ে ধীর গতির ফুল ফোটানো এই জাতের বৃক্ষের মূল নিবাস বলিভিয়ার পার্বত্য অঞ্চলে প্রায় ৩৯৬০ মিটার বা ১২,৯৯২ ফুট উচ্চতায়। ১৮৭০ সালে প্রথম একদল পর্যবেক্ষকের চোখে এ ধরনের গাছের সন্ধান মেলে। তারা লক্ষ করেন দীর্ঘ সময় ধরে ফুল না ফুটিয়ে থাকা এই গাছটি তার জীবদ্দশায় একবার ফুল দিয়েই মারা যায়। পরবর্তী সময়ে গবেষণার অংশ হিসেবে এ জাতের একটি গাছ এনে লাগানো হয় আমেরিকায় অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বোটানিক্যাল গার্ডেনে। সেটা ছিল ১৯৫৮ সালের কথা। আর এর ঠিক ২৮ বছর পর ১৯৮৬ সালে গাছটিতে ফুল ধরে। বিজ্ঞানীদের ধারণা সমুদ্র সমতলে থাকার কারণে এবং পরিবেশের পার্থক্যের কারণেই সমতলের এই গাছটিতে দ্রুত ফুল ফুটে থাকতে পারে।