সংবাদ কণিকা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৫৮
ব্রাজিলে বন্যা ও ভূমিধস রিও ডি জিনেরিওতে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় কমপক্ষে দুই জনের মৃত্যু ও শত শত লোক গৃহহীন হয়ে পড়েছে। কর্মকর্তারা আরো বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করেছেন। রিও রাজ্যের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি নদীর পানি দু-কূল উপচে প্রচন্ড স্রোতের সৃষ্টি হয়েছে। পানির তোড়ে একটি সেতু ধ্বংস হয়েছে। এতে আশপাশের পুরো এলাকা ব্রিজের ধ্বংসাবশেষ, গাছের ডালপালা ও অন্যান্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিধসে বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। —এএফপি আবারো ধর্ষণের পর তরুণী হত্যা ভারতে আবারো ধর্ষণের শিকার এক তরুণীর লাশ পাওয়া গেছে। শনিবার সকালে রাজধানী দিল্লির নইদা এলাকার ৬৩ নম্বর সেক্টর থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এই ঘটনার মাত্র কয়েকদিন আগে দিল্লির একটি বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী এক মেডিক্যাল শিক্ষার্থী। পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। ঐ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। পুলিশ ঐ ঘটনায় জড়িত থাকায় ছয়জনকে গ্রেফতার করেছে। এর রেশ কাটতে না কাটতেই ধর্ষণের শিকার আরো এক তরুণী লাশ হলো।—এনডিটিভি নেপালে জাতীয় সরকার গঠনের সময় বৃদ্ধি নেপালে নির্ধারিত সময়ে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে না পারায় শনিবার অস্টমবারের মত সময়সীমা ৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাম বরন যাদব। পাশাপাশি এ পদক্ষেপের সময় দ্রুত বয়ে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। রাজনৈতিক দলগুলাকে এ নির্ধারিত সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একজন প্রধানমন্ত্রী বাছাই করতে হবে। এ কাজের মূল সময়সীমা ছিল গত বছরের ২৯ নভেম্বর।—বিডিনিউজ ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত ৫ ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গ্রেনবলের কাছাকাছি একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কেন বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। বিমানটি মরোক্কোতে নিবন্ধীকৃত এবং সেটি সেদেশের উদ্দেশেই রওনা হয়েছিল।—বিবিসি ইন্দোনেশিয়ায় ৫ জঙ্গি নিহত ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জঙ্গি শিবিরে পুলিশের এক অভিযানে পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। শনিবার জাতীয় পুলিশের মুখপাত্র বয় রাফলি আমর বলেন, শুক্রবার রাতে ও শনিবার সকালে পশ্চিম নুসা তেঙ্গারা প্রদেশের দুটি পৃথক জঙ্গি প্রশিক্ষণ শিবিরে এই অভিযান চালানো হয়। এই অভিযানে পাঁচটি পাইপ বোমা ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘জঙ্গিদের কাছে বিস্ফোরক দ্রব্য থাকায় পুলিশ বাধ্য হয়ে তাদের ওপর গুলি চালায়। তারা ওই স্থানকে বোমা তৈরির কাজে ব্যবহার করত।—এএফপি আল্পস পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় নিহত ৬ ইতালির আল্পস পার্বত্যাঞ্চলে একটি স্নো-মোবাইল (বরফের ওপর দিয়ে চলাচলকারী এক ধরনের যান) দুর্ঘটনায় ছয় পর্যটক নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছে। স্নো-মোবাইলটি ট্রেন্টো এলাকার মাউন্ট কার্মিসের ওপর দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আট যাত্রী ছিল। তারা সকলেই পূর্ব ইউরোপ বা রাশিয়ার বাসিন্দা। উদ্ধার কর্মীরা জানান, স্নো মোবাইলটি প্রায় ২ হাজার মিটার (৬৫৫০ফুট) উঁচু থেকে নিচে পড়ে যায়। তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী।—এএফপি