অবসরপ্রাপ্তদের পছন্দের শীর্ষে ইকুয়েডরই

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৫৯
উত্তর আমেরিকার অবসরপ্রাপ্ত ব্যক্তিদের শেষজীবন কাটানোর পছন্দের স্থানের তালিকায় টানা পঞ্চম বছরে শীর্ষ স্থানে আছে ইকুয়েডর। ইন্টারন্যাশনাল লিভিং ডটকমের বার্ষিক জরিপে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় ও জমির দাম কম এবং আরামদায়ক আবহাওয়ার কারণে দক্ষিণ আমেরিকার এ দেশটি তালিকার শীর্ষে অবস্থান করছে। পেরু ও কলাম্বিয়ার প্রতিবেশী এ দেশটিতে জীবনযাত্রার মাসিক ব্যয় সাধারণত ৯শ’ ডলার থেকে ১ হাজার ৪শ’ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তালিকার শীর্ষ পাঁচটি দেশের মধ্যে আরো রয়েছে পানামা, মালয়েশিয়া, মেক্সিকো ও কোস্টারিকা। আমেরিকান ও কানাডীয়দের মধ্যে জনপ্রিয় দেশগুলোতে থাকা প্রতিনিধির মাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এ তালিকা প্রস্তুত করা হয়। সংগৃহীত তথ্যের মধ্যে ছিলো জীবনযাত্রার ব্যয়, আবহাওয়া, সম্পত্তির মূল্য, স্বাস্থ্যসেবা, অবসরকালীন ভাতা, অবসর-বিনোদনসহ যাবতীয় সুযোগ-সুবিধার সমন্বয় প্রভৃতি। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পানামাতেও একই ধরনের সুযোগ-সুবিধা পাওয়া গেলেও সেসব ইকুয়েডরের মতো সুলভ নয়। তালিকায় থাকা শীর্ষ দশের অন্য দেশগুলোর বেশিরভাগই দক্ষিণ আমেরিকার স্প্যানিশভাষী দেশ। এগুলোর মধ্যে রয়েছে উরুগুয়ে, কলাম্বিয়া, স্পেন, থাইল্যান্ড ও মাল্টা। তালিকায় শীর্ষ ২২টি দেশের মধ্যে রয়েছে ইউরোপের আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল ও ইতালি। আরো রয়েছে ফিলিপাইন ও নিউজিল্যান্ড।