মিসরের মন্ত্রী পরিষদে রদবদল হচ্ছে। এরই মধ্যে অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরো আট মন্ত্রীর কার্যভারে পরিবর্তন ঘটবে। রবিবারের মধ্যে নতুন ১০ মন্ত্রী শপথ নেয়ার কথা। খবর আল-জাজিরা ও রয়টার্সের। দ্য এমইএনএ সংবাদ সংস্থা গত শনিবার জানিয়েছে, মিসরের মন্ত্রী পরিষদের রদবদলের অংশ হিসাবে অর্থমন্ত্রী মুমতাজ আল-সাইদের স্থলাভিষিক্ত হলেন আল-মুরসি আল-সাইদ হেজাজি। আর অভ্যন্তরীণ মন্ত্রী আহমেদ গামালউদ্দিনের জায়গায় এলেন পুলিশ কর্মকর্তা জেনারেল মোহাম্মদ ইব্রাহিম। রদবদলের অন্য আট ক্ষেত্র হচ্ছে সাধারণ বিমান চলাচল, যোগাযোগ, বিদ্যুত্, পরিবেশ, প্রাদেশিক ও পরিবহন। গণপরিষদের একটি সূত্র জানিয়েছে, অন্তত তিনজন নতুন মন্ত্রী আসছেন, যারা মুরসির দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির লোক। দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট, এপ্রিল সিক্স ছাড়াও বেশিরভাগ বিরোধী দল মিসরের মন্ত্রী পরিষদের এই রদবদলের সিদ্ধান্তকে দেশের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করছে না। বিরোধী তরুণ দল এপ্রিল সিক্স এক বিবৃতিতে জানিয়েছে, এসব পরিবর্তন দেশের পরিবর্তনের জন্য যথেষ্ট নয় এবং এটা ‘কোনো সমাধানও বয়ে আনবে না।’ প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি অবশ্য বলেন, মন্ত্রী পরিষদের এই রদবদল মিসরে ক্রমবর্ধমান বাজেটের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে স্বপ্রাণ করবে।
