আবে অঞ্চলের ব্যাপারে চুক্তি বাস্তবায়নে সম্মত সুদান ও দক্ষিণ সুদান

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:০০
সুদান এবং দক্ষিণ সুদান আবে অঞ্চলের নিরাপত্তার জন্য করা চুক্তি বাস্তবায়ন এবং সেখানে প্রয়োজনীয় অফিস স্থাপনের জন্য একমত হয়েছে। শনিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দু’দেশের কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তারা দক্ষিণ সুদানের পিপলস লিবারেশন আর্মি এবং উত্তরের সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের নেটওয়ার্ক ভেঙ্গে দেয়ার কথা বলেন। বৈঠকে গোলযোগপূর্ণ এলাকাগুলোতে নাগরিক সেবার জন্য প্রয়োজনীয় সংস্থা গড়ে তোলা এবং গত বছরের সেপ্টেম্বরে দু’দেশের মধ্যে হওয়া সহযোগিতা চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। গত শুক্রবার ইথিওপিয়ার প্রধানমন্ত্রী দিসালেনের উপস্থিতিতে সুদানের নেতা আল বশির ও দক্ষিণ সুদানের নেতা সালবা কিরের বৈঠকে স্থবিরতা কাটিয়ে সহযোগিতা চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সুদান ও দক্ষিণ সুদানের মাঝে অবস্থিত তেলসমৃদ্ধ আবে এলাকাটির দাবি ছাড়তে নারাজ দু’টি দেশই।