সমাজসেবায় ৬৯২ পদে নিয়োগ চূড়ান্তের পরামর্শ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৫
আগামী মার্চ মাসের মধ্যে স্বচ্ছতার সাথে সমাজসেবা অধিদপ্তরের ৬৯২টি পদে জনবল নিয়োগ চূড়ান্ত করার পরামর্শ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সমপর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব পদে লিখিত পরীক্ষায় অনিয়ম হওয়ার প্রেক্ষিতে নতুন নিয়োগ কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব কথা জানানো হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকের শুরুতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এ সময় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে কমিটিকে অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ১১৩টি এবং ইউনিয়ন সমাজকর্মীর ৪২১টি পদসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৫ ধরনের ৬৯২টি পদে জনবল নিয়োগের চলমান কার্যক্রমের সর্বশেষ অবস্থা অবহিত করা হয়। সূত্র জানায়, কমিটির সদস্যরা নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষায় কথিত অনিয়মের পর মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। ইতিমধ্যে তদন্ত কমিটির পর্যবেক্ষণের আলোকে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর ও আগের আবেদন বহাল রেখে নতুন নিয়োগ কমিটি গঠন করা হয়েছে। স্থায়ী কমিটি আগামী তিন মাসের মধ্যে এ সম্পর্কিত যাবতীয় প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগ প্রদানের সুপারিশ করেছে। কমিটির সদস্যরা সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে মন্ত্রণালয়ের অধীনে চলমান নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, এএন মাহফুজা খাতুন বেবী মওদুদ এবং বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন বৈঠকে অংশগ্রহণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।