অনার্সে ইংরেজিকে মেজর বিষয় করা হোক

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:০৮
আমাদের শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট পাস করার পর শিক্ষার্থীরা কেউ অনার্স, কেউ স্নাতক, কেউ মেডিক্যাল, কেউ প্রযুক্তি নিয়ে পড়াশোনা করে। অনার্সের ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা ইংরেজিকে খুব একটা প্রাধান্য দেয় না। কারণ ইংরেজি হচ্ছে নন-মেজর সাবজেক্ট। যদিও ইংরেজিতে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। কিন্তু ইংরেজিকে প্রাধান্য না দেয়ার ফলে অনেক ছাত্র-ছাত্রী বার বার ফেল করে। এমনও দেখা গেছে, অনার্সের যে বিষয়ে পড়ছে ঐ বিষয়ে সে ফাস্ট ক্লাস নম্বর পাচ্ছে। কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু ইংরেজিতে পাস করতে পারছে না। আবার অনেক ছাত্র-ছাত্রী আছে ইংরেজিতে দক্ষ। কিন্তু স্নাতক ক্লাসের ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পায় না। কারণ স্নাতক পাস করতে ইংরেজিতে এসএসসি এবং এইচএসসি স্নাতক মিলে মোট ৩০০ নম্বর হয়। পক্ষান্তরে অনার্সের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলে ২০০ নম্বর হয়। এখানে অনার্সের ইংরেজি নন-মেজর হওয়াতে ১০০ নম্বরকে বাদ দেয়া হয়। প্রশ্ন হলো নন-মেজর বিষয়কে কেন প্রাধান্য দেয়া হবে না? ইংরেজিতে ফেল করলে অনার্সের শিক্ষার্থী তার অনার্স কমপ্লিট করতে পারছে না। যেহেতু ইংরেজি এখানে পড়তেই হয় সুতরাং ইংরেজিকে নন-মেজর থেকে মেজর সাবজেক্ট করা উচিত বলে আমি মনে করি। অনার্সের শিক্ষার্থীরা শুধু ইংরেজিতে ২০০ নম্বর থাকার কারণে ডিগ্রি পাস শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। যেমন একজন ডিগ্রি পাস ব্যক্তি ইংরেজি শিক্ষক পদে হাইস্কুলে আবেদন করার সুযোগ পান কিন্তু অনার্সের কোনো শিক্ষার্থী নন-মেজর হওয়াতে ইংরেজি শিক্ষক পদে আবেদন করতে পারেন না। সুতরাং অনার্সে ইংরেজিকে মেজর বিষয় করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. মোফাজ্জল হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী