নগরীতে ঘরে ঢুকে এক ব্যবসায়ীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে মালামাল লুট করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে ব্যবসায়ীর ছেলে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ঘটনাটি ঘটেছে নগরীর বাণিজ্যিক কেন্দ্র কোরবানীগঞ্জ এলাকায়। খাতুনগঞ্জের গম আমদানিকারক ব্যবসা প্রতিষ্ঠান এম এ কাশেম ট্রেডিংয়ের মালিক আবুল কাশেমের বাসায় এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার আমিন বিল্ডিংয়ের চতুর্থ তলায় ভাড়া থাকেন বলে স্থানীয়রা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় কাশেমের স্ত্রী রোকসানা বেগম (৪৫) এবং তার ছেলে আব্দুল আজিজ বাসায় ছিলেন। কাশেম তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। পারিবারিক সূত্র আরও জানান হঠাৎ ঘরে ডাকাত প্রবেশ করার খবর আসে। ব্যবসায়ী কাশেম ও তার অপর এক আত্মীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে দ্রুত বাসায় গিয়ে দেখতে পান, কাশেমের স্ত্রী রোকসানার রক্তাক্ত লাশ বিছানার পাশে মাটিতে পড়ে আছে। ছুরিকাঘাতে গুরুতর আহত কাশেমের ছেলে আজিজ মাটিতে যন্ত্রণায় কাতরাচ্ছে। দুর্বৃত্তরা বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। আজিজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দ্রুত পাঠানো হয়।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীকে একদিন ঝালমুড়ি খাওয়াইতে চাই’
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/কেকে
