ঝিনাইদহে মহাসড়ক জুড়ে অবৈধ ট্রাক টার্মিনাল

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:০৮
ঝিনাইদহ শহরে মহাসড়কের উপর অবৈধ ট্রাক টার্মিনাল গজিয়ে উঠেছে। আরাপপুর থেকে কুষ্টিয়া মহাসড়কে প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তার দু’পাশে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়। মাঝ দিয়ে একখানা গাড়ি চলার মত রাস্তা ফাঁকা থাকে। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কয়েকটি হোটেল গড়ে উঠেছে। ট্রাক ড্রাইভাররা রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে হোটেলে খাওয়া-দাওয়া ও বিশ্রাম করে। তারপর গন্তব্যে রওনা হয়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে। ট্রাফিক পুলিশের এদিকে ভ্রূক্ষেপ নেই। এখানে প্রায়ই দুর্ঘটনাও ঘটে থাকে। পাশেই শিশুকুঞ্জ হাইস্কুল এন্ড কলেজ রয়েছে। সৃষ্ট যানজটের কারণে দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়েছিল। তখন কিছুদিনের জন্য এ অবৈধ ট্রাক টার্মিনাল উঠিয়ে দেয়া হয়। তারপর ফের গড়ে উঠে। শহরে হামদো এলকায় ট্রাক টার্মিনাল রয়েছে। সেখানে ট্রাক না রেখে মহাসড়কের উপর ট্রাক দাঁড় করে রাখা হচ্ছে। এব্যাপারে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, মেয়রের দায়িত্ব নেয়ার পর তিনি পুলিশের সার্জনকে সাথে নিয়ে এ অবৈধ ট্রাক টার্মিনাল তুলে দেয়ার জন্য অন্তত ২০বার অভিযান চালিয়েছেন। ট্রাক চালকদের জরিমানা করেছেন। তাতেও রাস্তার উপর গড়ে উঠা টার্মিনাল উচ্ছেদ সম্ভব হয়নি। এ অবৈধ টার্মিনাল উচ্ছেদে প্রশাসন ও পুলিশ সহযোগিতা করে না বলে তিনি অভিযোগ করেন।