নিউজিল্যাণ্ডের সৈকতে আটকা পড়া ১৪৫ তিমির মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:০৮

নিউজিল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপের সৈকতে আটকা পড়া ১৪৫টি পাইলট তিমি মারা গেছে। শনিবার রাতে ম্যাসন উপসাগরের তীরে সৈকতে ওই তিমিগুলোকে আটকা পড়া অবস্থায় দেখতে পেয়েছিলেন এক ভ্রমণকারী, জানিয়েছে বিবিসি

কর্তৃপক্ষ জানিয়েছে, তখনই প্রায় অর্ধেকের মতো তিমি মরে গিয়েছিল, বাকি অর্ধেককেও রক্ষা করা খুব কঠিন হওয়ায় সেগুলোকে সেভাবেই থাকতে দেওয়া হয়েছিল। একই দিন পৃথক ঘটনায় নিউজিল্যান্ডের সৈকতগুলোতে আটকা পড়া অবস্থায় আরো ১০টি পিগমি তিমি ও একটি স্পার্ম তিমিও পাওয়া গেছে।

আঞ্চলিক সংরক্ষণ বিভাগ এক বিবৃতিতে বলেছে, “দুঃখজনকভাবে বেঁচে থাকা অবশিষ্ট তিমিগুলোকে সফলভাবে সাগরে পাঠানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ ছিল। অঞ্চলটি প্রত্যন্ত হওয়ায়, আশপাশে মানুষ না থাকায় এবং তিমিগুলোর মুমূর্ষু দশা বিবেচনায় সেগুলোকে মরতে দেওয়াই বেশি মানবিক ছিল। “যাইহোক, এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়া সব সময়ই অত্যন্ত বেদনাদায়ক।”

নিউজিল্যান্ডের সৈকতে তিমির আটকা পড়ার ঘটনা বিরল নয় এবং প্রতি বছর এ ধরনের প্রায় ৮৫টি ঘটনা এখানে ঘটে থাকে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে একটি মাত্র তিমিকেই আটকা পড়ে থাকতে দেখা যায়, এরকম পুরো দলকে নয় বলেও এতে জানানো হয়েছে।