মানব উন্নয়ন, নারী-পুরুষ সাম্যে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন বলেছেন, মানব উন্নয়নের প্রতিটি সূচকেই বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে আছে। মানব উন্নয়ন সূচকে লৈঙ্গিক সমতা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। শনিবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই-এ জিএল মেহতা মেমোরিয়াল বক্তৃতায় অর্মত্য সেন একথা বলেন। অর্মত্য সেন আরো বলেন, কিছুুদিন আগেও বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে ভারতের পেছনে ছিল। অথচ অল্প সময়ে এ চিত্র পাল্টে গেছে। বাংলাদেশ এখন একমাত্র দেশ যেখানে স্কুলে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। বাংলাদেশের গড় আয়ু বেড়েছে। মৃত্যুহার কমেছে এবং কর্মক্ষেত্রসহ সর্বত্র নারীর অংশগ্রহণ বেশি। বাংলাদেশের রাজনীতিতেও লৈঙ্গিক সমতার গুরুত্ব দিন দিন বাড়ছে। ভারতের বিভিন্ন রাজ্যে মানব উন্নয়ন, বিশেষ করে লৈঙ্গিক সমতার বিষয়টি নিয়ে যেভাবে কাজ করা হচ্ছে তার কড়া সমালোচনা করেন অর্মত্য সেন। সম্প্রতি নয়াদিল্লীতে চলন্ত বাসে এক ছাত্রীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, খোদ রাজধানীতে এমন ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি আকর্ষণ করেছে; কিন্তু পুরো ভারত বর্ষের গ্রামাঞ্চলে নিম্নবর্ণের দলিত নারীরা এমন অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। অর্মত্য সেন আরো বলেন, জনস্বাস্থ্য সেবা খাতে ভারত মোট জিডিপির এক দশমিক দুই শতাংশ বরাদ্দ দেয়। চীন দেয় দুই দশমিক সাত শতাংশ। আর ইউরোপীয় দেশগুলো দেয় সাত থেকে আট শতাংশ। বাজার অর্থনীতিকে গুরুত্ব দিতে হবে; কিন্তু বাজার অর্থনীতিতে ডুবে গেলে চলবে না। অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে যে, চীন বাজার অর্থনীতিকে পুরোপুরি দখল করে নিয়েছে। আসলে চীন জনস্বাস্থ্য সেবায় গুরুত্ব দিচ্ছে এবং এর ফলশ্রুতিতে ভারতের অনেক উপরে আছে।