মজুরি কাঠামো পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবি আদায়ে আগামীকাল ৮ জানুয়ারি মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছে নৌযান শ্রমিকরা। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ও জল সীমায় চলাচলকারী নৌযানের শ্রমিকদের ক্ষেত্রে এই কর্মবিরতি প্রযোজ্য হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকী আলম। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ও জল সীমায় যত ধরনের নৌযান চলাচল করে যেমন যাত্রীবাহী, পণ্যবাহী ও তেলবাহী নৌযান, বালুবাহী বাল্কহেড, ফ্ল্যাট বার্জ, টুইন লঞ্চ, টাগবোট এবং সমুদ্রে মত্স্য আহরণকারী সব জাহাজ ও নৌযান শ্রমিকরা এই কর্মবিরতি পালন করবেন। গতকাল রবিবার সকালে সংগঠনের কেন্দ ীয় কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
চৌধুরী আশিকী আলম জানান, ২০১২ সালের মে মাসের মধ্যে এসব দাবি পূরণের কথা ছিল। তাই আগামী ৮ জানুয়ারির মধ্যে অভ্যন্তরীণ নৌযান শ্রমিকদের বর্তমান বাজারদর এবং পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধি, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান এবং সামুদ্রিক মত্স্য শিকারী জাহাজ শ্রমিকদের নতুন বেতন স্কেল প্রদানসহ ১৬ দফা দাবি আদায়ে তারা লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে: নৌপথে নিরাপত্তা ও নাব্যতা বাড়ানো এবং মেরিন কোর্টের হয়রানি বন্ধ।
