দখল ও বর্জ্যে বেহাল ডিএনডি খাল। ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এ সব উচ্ছেদ করে খুব সহজেই এখানে গড়ে তোলা যায় বিনোদন স্পট। এতে রাজস্ব আয়ের পথও সুগম হতে পারে। এসব না করে খালের উভয় পাশে দোকান-পাট ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলার সুযোগ দেয়ায় স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, ঢাকার ডেমরা থানার সারুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ ডিএনডি‘র খালটি বিভিন্ন শিল্পকারখানার বর্জ্য ও গৃহস্থালীর ময়লা-আবর্জনায় বিষাক্ত পানির উেস পরিণত হয়েছে। এই খালের পচা পানি কেবল দুর্গন্ধই ছড়াচ্ছে না, এর কারণে বেড়ে গেছে মশা-মাছির উপদ্রব। সরকারি উদ্যোগে ডিএনডি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পূর্ব পাড় পাকা করে হাঁটার রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু দখল অব্যাহত থাকায় সে উদ্যোগ ভেস্তে গেছে। ডিএনডি খালের শিমরাইল, সিদ্ধিরগঞ্জ পুল, কদমতলী পুল, ভান্ডারী পুল ও বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিন গিয়ে খালের উপর অসংখ্য দোকানপাট দেখা গেছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল পুনরুদ্ধার এবং এলাকার স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।
