ঝালকাঠির পরমহল মকিম খান মাঃ বিদ্যালয় সংলগ্ন বিএডিসির সেচ প্রকল্পের ৩টি ট্রান্সফরমার চুরি হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে এলাকার বোরো আবাদ। সদর উপজেলার বোরো আবাদি এলাকা হিসেবে পরিচিত পরমহলের এ প্রকল্পভুক্ত প্রায় অর্ধশত কৃষক পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছে। মৌসুমের শুরুতে ট্রান্সফরমার চুরি হওয়ায় ট্রান্সফরমারের বিকল্প ব্যবস্থা করা না হলে এ এলাকার প্রায় ১শ’ একর জমি অনাবাদি থেকে যাবে।
এলাকার কৃষকরা জানান, গত ৪ বছর ধরে এ ট্রান্সফরমারের মাধ্যমে সেচ দিয়ে তারা বোরো আবাদ করে আসছে। পরমহল এলাকার এ জমি বছরের ৭ মাস অনাবাদি থাকে। বাকি ৫ মাস আবাদ হয়ে থাকে। ৩ জানুয়ারি রাতে বিএডিসির সেচ প্রকল্পের খুঁটি থেকে ৩টি ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে। এ এলাকা থেকে একটি সংঘবদ্ধ চক্র ১২টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে নেয়। কিন্তু বিদ্যুত্ গ্রাহকরা বাধ্য হয়ে আবার ক্ষতিপূরণ দিয়ে ট্রান্সফরমার লাগিয়েছে।
এ ব্যাপারে সেচ প্রকল্প ম্যানেজার কৃষক মাওলানা বেলায়েত হোসেন জানান, এসব ট্রান্সফরমারের সাথে উচ্চ শব্দের এলার্ম লাগানোর জন্য সরকারের প্রতি অনুরোধ করে বলেন, বিএডিসি এখন আমাদের সহযোগিতা না করলে এবছর বোরো আবাদ করা সম্ভব হবে না।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, রায়গঞ্জ পৌর এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে পল্লী বিদ্যুতের ৪টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় জোনাল অফিসের ডিজিএম থানায় এজাহার করেছেন। শনিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল পৌর এলাকার মহেশপুর মহল্লা থেকে ৩টি ও একই মহল্লার আরো ১টিসহ মোট ৪টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর মূল্য প্রায় ২ লাখ টাকা বলে ডিজিএম জুলফিকার জানান। ইতিপূর্বে পৌর এলাকার ধানগড়া বাজারের ৪টি দোকান ও একটি বাসা-বাড়ি থেকে সংঘবদ্ধ চোরের দল প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
নীলফামারী প্রতিনিধি জানান, শহরের প্রধান সড়কের জোরদরগা এবং হাড়োয়া এলাকার সাধুর বাজার এলাকা থেকে শনিবার রাতে দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। সংঘবদ্ধ চোর দল ট্রান্সফরমার দুটি চুরি করে নিয়ে যায়। বিদ্যুত্ বিভাগ জানায়, শহরের প্রধান সড়কের জোরদরগা মসজিদের কাছ থেকে ২০০ কেভি এবং সাধুর বাজার থেকে ১০০ কেভি বিতরণ ক্ষমতার ট্রান্সফরমার ২টি চুরি যাওয়ায় শহরের নতুন বাজার, লোকাল বাসস্ট্যান্ড, এতিমখানা ও হাড়োয়া এলাকা প্রায় এক হাজার বিদ্যুত্ গ্রাহক বিদ্যুিবহীন অবস্থায় রয়েছেন।
