গাজীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৫১
গাজীপুরে একটি ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গাজীপুর সদর উপজেলার বারবৈকা এলাকার কয়েকশ’ নারী-পুরুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে ওই কর্মসূচিতে অংশ নেন। বক্তব্য রাখেন আব্দুল মান্নান পালোয়ান, আবুল বাশার, মিনা আক্তার, সালাউদ্দিন মন্ডল প্রমুখ। বক্তারা বলেন, বারবৈকা এলাকার একটি রাস্তার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হাজী মোশারফ হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে একই এলাকার মোতালেব হোসেন জয়দেবপুর থানায় ষড়যন্ত্রমূলকভাবে চাঁদাবাজির মিথ্যা মামলা করেছেন। মামলায় ঘটনার সময় দেখানো হয়েছে ২ জানুয়ারি। অথচ হাজী মোশারফ হোসেন গত ৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত টঙ্গী হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। এছাড়া ওই মামলায় বারবৈকা এলাকার হাবিবুর রহমান ও তার ৪ ছেলে এবং ফিরোজ মিয়া ও তার ১ ছেলেকে আসামি করা হয়েছে। এলাকাবাসী অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।