সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় পরমাণু অস্ত্র গবেষণাগারের কম্পিউটার সিস্টেমে চীনে তৈরি নেটওয়ার্ক সুইচ আবিষ্কৃত হওয়ার পর জাতীয় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় সুইচগুলোর মধ্যে অন্তত দুটি সরিয়ে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লস আলমোস পরমাণু গবেষণাগারের একটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে। গতবছর ৫ নভেম্বর, ওই চিঠিটি লেখা হয়েছিল। সুইচের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়।
এই আবিষ্কারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। লস আলমোস গবেষণাগারের চিঠিতে স্বীকার করা হয়, গবেষণাগারে চীনের হ্যাংঝু ভিত্তিক এইচথ্রিসি টেকনোলজি কর্পোরেশনের তৈরি যন্ত্রপাতি বসানো হয়েছে। এইচথ্রিসি চীনের হুয়াই টেকনোলজি কর্পোরেশন এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান থ্রিকম কর্পোরেশনের সঙ্গে একত্রিত হয়ে কাজ শুরু করেছিল। একত্রিত এই প্রতিষ্ঠানটি হুয়াউয়ি-থ্রিকম নামে পরিচিতি পেয়েছিল। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের কোম্পানি হিউলেট প্যাকার্ড এই হুয়াউয়ি-থ্রিকম কিনে নেয়। যুক্তরাষ্ট্র সরকার ও কংগ্রেস হুয়াউয়ির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ধারণা হুয়াউয়ির সঙ্গে চীনা সেনাবাহিনী ও সরকারের ঘনিষ্ঠতা আছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ যন্ত্রপাতি নির্মাতা কোম্পানি হুয়াই যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের প্রতিবাদ জানিয়ে বলেছে, তাদের নির্মিত পণ্যের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই আর তাদের ব্যবসার ক্ষেত্রে চীনা সেনাবাহিনীর কোনো প্রভাব নেই। লস আলমোসে চীনে তৈরি কতগুলো সুইচ বসানো হয়েছিল, কখন এবং কিভাবে এগুলো বসানো হলো কিংবা সেগুলো স্পর্শকাতর জায়াগায় কেন বসানো হলো বা তাতে কি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল এসব সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। এই লস আলমোস গবেষণাগারেই বিশ্বের প্রথম পরমাণু বোমার ডিজাইন করা হয়েছিল। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভাণ্ডার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত।
