গত কয়েকদিন থেকে দেশের বিভিন্নস্থানে প্রচন্ড শৈত্যপ্রবাহ চলছে। সেই সাথে ঘন কুয়াশায় প্রায় সারাদিন সূর্য ঢাকা থাকছে। শীতার্ত মানুষ যেখানে সেখানে কাঠ-খড় জ্বালিয়ে দিনের বেলাতেও আগুন পোহাচ্ছে। এ কারনে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে এসব এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ বিষয়ে খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
পঞ্চগড় \ পঞ্চগড়ে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়। শহরতলীর মীরগড় বাজারে প্রায় একশ দরিদ্র ও শীতার্ত নারী-পুরুষকে ২টি করে কম্বল প্রদান করা হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহকারি পরিচালক রেজাউল করিম ও জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান আবু সারোয়ার বকুল, আহসানুল হক লিটন প্রমুখ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ \ হবিগঞ্জের আওয়ামী লীগ নেতা শিল্পপতি আমজাদ হোসেন ফনিক্সের সৌজন্যে স্থানীয় ও জাতীয় সংবাদপত্রের হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া গত সোমবার বানিয়াচং উপজেলা সদরের ২নং ইউনিয়নে শীতার্ত মানুষের মধ্যে চাদর বিতরণ করেন আমজাদ হোসেন ফনিক্স। তিনি পর্যায়ক্রমে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো শীতবস্ত্র বিতরণ করবেন বলে জানানো হয়েছে।
ভূঞাপুর (টাঙ্গাইল) \ ভূঞাপুরের যমুনা তীরবর্তি দূর্গম চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে মঙ্গলবার দুপুরে শীতবস্ত্র বিতরণ করে প্রতিভা নামের একটি ছাত্র সংগঠন। সংগঠনটির সভাপতি মোঃ আমজাদ আলী ও সাধারণ সম্পাদক মো. মারুফের নেতৃত্বে উপজেলার রাজাপুর গ্রামের দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চৌহালী (সিরাজগঞ্জ) \ সিরাজগঞ্জের এনায়েতপুরে সোনালী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে এনায়েতপুর শাখা চত্তরে অসহায় ২০টি পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়। এসময় ব্যাংকের সিরাজগঞ্জের ডিজিএম আমিনুল হক, এজিএম আশরাফ আলী, শাখা ম্যানেজার আলহাজ্ব মোঃ জিহাদ আলী আকন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) \ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৫শ কম্বল শীতার্তদের হাতে তুলে দেন সংসদ সদস্য এম এ মান্নান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হরমুজ আলী, প্রবীন আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম , রেজাউল করিম রিজু, আব্দুল কাইয়ুম মোশাহিদ, সৈয়দ ছাব্বির আহমদ প্রমূখ। সপ্তাহব্যাপী এই বিতরণ কার্যক্রম চলবে।
হোসেনপুর (কিশোরগঞ্জ) \ হোসেনপুর উপজেলার হতদরিদ্র ছিন্নমুল মানুষ প্রচন্ড শীতে কাবু হয়ে পড়ছে। শীতে হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় বিভিন্ন কাজ কর্মে মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। সারাদিন খড়কুটো জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বৃদ্ধ ও শিশুদের শ্বাসকষ্ট, একজিমা ও সর্দি কাশি বেড়ে গেছে। শীত বস্ত্রের অভাবে গরীব ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
রাণীশংকৈলে তীব্র শৈত্য প্রবাহ, শীতবস্ত্রের জন্য হাহাকার
