ভৈরবের কালিকাপ্রসাদ গ্রামে মোবাইল ফোনে শিক্ষার্থীদের ছবি তোলাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এ সময় বেশ কিছু বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তরা বেগম (১৯), জুয়েল মিয়া (১৮), নাছিমা বেগম (৩৫), জুলেখা বেগম (৪০), নাজিম উদ্দিন (৪৫), আলী আকবর (২০), মাহমুদা বেগম (২০), মোমেনা বেগমকে (৫০), ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদেরকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। এলাকাবাসী জানায়, নবম শ্রেণীর এক শিক্ষার্থী বাড়িতে বাথরুমে গোসল করার সময় পার্শ্ববর্তী যুবক আমান উল্লাহ মোবাইল ফোনে গোপনে তার ছবি তোলে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে কালিকাপ্রসাদ গ্রামের শিক্ষার্থীর পরিবার নাজিম উদ্দিনের সাথে একই গ্রামের নূরুল ইসলাম মাস্টার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। গতকাল মঙ্গলবার ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা ছিল। কিন্তু এরই জের ধরে দুপুরে উভয় পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
