চিতলমারীর বিভিন্ন বিলে ব্যাপকহারে অতিথি পাখি শিকারের বিষয়ে সোমবার ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। টনক নড়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের। সোমবার চিতলমারী থানা পুলিশ পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ সহস্রাধিক মিটার পাখি শিকারের ফাঁদ আটক করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে। এ অভিযানের ফলে পাখি শিকারীরা আত্মগোপন করেছে। চিতলমারী থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, চিতলমারীর বিভিন্ন বিলে ব্যাপকহারে অতিথি পাখি শিকার হচ্ছে এই খবর পেয়ে তিনি অতিথি পাখির চিহ্নিত বিলে অভিযানের নির্দেশ দেন। পরে ডুমুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদর ইউনিয়নের রায়গ্রাম, ডুমুরিয়া, শ্রীরামপুর, রুইয়ারকুল, কোদালিয়াসহ এলাকার বিলগুলোতে অভিযান চালায়। এ সময় পাখি শিকারীরা পালিয়ে যায়।
