দৌলতপুরের সাব-রেজিস্টার অফিস স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৩১
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদর থেকে সাব-রেজিস্টার অফিস ৫ কিলোমিটার দূরে তারাগুনিয়ায় স্থানান্তরের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠছে দৌলতপুরের সাধারণ মানুষ। এ ঘটনার প্রতিবাদে মিছিল মিটিং, মানববন্ধন ও ধর্মঘট পালন করে আসছে জনতা। সোমবার বিক্ষুব্ধ এলাকাবাসী তারাগুনিয়া-দৌলতপুর সড়ক আধাবেলা অবরোধ করে রাখে। উপজেলার বিভিন্ন এলাকার প্রতিদিন গড়ে ২ শতাধিক দলিল রেজিষ্ট্রি হয়। অফিসের সামনে সোনালী ব্যাংক রয়েছে। পাশেই আছে উপজেলা ভূমি অফিস ও উপজেলা ই-সেন্টার। যেখান থেকে জমিজমার কাগজপত্র যাচাই-বাছাই এবং নামজারী করা সহজেই সম্ভব। এছাড়া অফিসটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে হওয়ায় একদিকে নিরাপত্তা অপরদিকে একইদিনে সাধারণ মানুষ সকল ধরনের কাজ ও সেবা নিতে পারছে। অন্যদিকে পুরাতন আদালত ভবনে সাব-রেজিস্টার অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছে। সমপ্রতি দৌলতপুরে আদালত পুনঃস্থাপন হওয়ায় আদালত ভবন ছেড়ে দেবার অজুহাতে দলিল লেখক সমিতির কতিপয় ব্যক্তি এবং সাব-রেজিস্টার অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মচারী এই অফিসটিকে তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করার জন্য তারাগুনিয়ার অরক্ষিত এলাকায় নিয়ে যাবার চেষ্টা করছে বলে সচেতন এলাকাবাসী জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল জানান, উপজেলা পরিষদে প্রয়োজনীয় অবকাঠামো আছে। তা সত্ত্বেও কেন সাব-রেজিস্টার অফিসটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তা তিনি নিজেও জানেন না।