রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি একদিন থেকে বাড়িয়ে দুইদিন অনুমোদন করেছে সিন্ডিকেট। সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় সপ্তাহে শুক্র ও শনিবার ২দিন ছুটি থাকবে। বাকি পাঁচদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস ও অফিস চলবে। মাঝে দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এক ঘণ্টা নামাজ ও লাঞ্চের বিরতি থাকবে। এক মাসের মধ্যে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৪ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তাবে অনুমোদিত হয়। আগে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস সময় ছিল সকাল ৮টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত। শুক্রবার একদিন সাপ্তাহিক ছুটি ছিল। সপ্তাহে দুইদিন ছুটির সিদ্ধান্তকে শিক্ষকদের একাংশ সাধুবাদ জানিয়েছে। বিরোধিতা করছে শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনগুলো। তারা সিন্ডিকেটের এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের জীবন সেশনজটের যাঁতাকলে ধ্বংস করার এবং একশ্রেণির শিক্ষকের ঢাকাসহ বাইরের প্রাইভেট প্রতিষ্ঠানে কনসালটেন্সি ও শিক্ষকতার সুযোগ সৃষ্টি করে দেয়ার চক্রান্ত বলে আখ্যায়িত করেছেন।
