গাজীপুর টঙ্গীতে আনন্দ উল্লাস

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৫২
গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্রে গাজীপুর সিটি কর্পোরেশনে রূপান্তর করার ঘোষণায় বিভিন্নস্থানে মিছিল করে আনন্দ উল্লাস অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও জেলা শহর, চান্দনা চৌরাস্তা, টঙ্গীসহ বিভিন্নস্থানে ‘প্রধানমন্ত্রীকে স্বাগত’ জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলকারীরা বাদ্যযন্ত্র সহকারে আনন্দ-উল্লাস করে। অনেক স্থানে মিষ্টি বিতরণ করা হয়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে চলছে আনন্দের জোয়ার। গাজীপুর পৌরসভার পক্ষ থেকে গতকাল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারিরা প্রধানমন্ত্রীকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন। মিছিলটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা বাদ্যযন্ত্র সহকারে আনন্দ-উল্লাসে মেতে উঠে। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর পৌরসভার সচিব মুক্তিযোদ্ধা আবুল বাশার, কাউন্সিলর আকবর হোসেন, হাসান আজমল ভুইয়া, প্রকৌশলী মজিবুর রহমান কাজল প্রমুখ। গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওয়াজউদ্দিন মিয়ার নেতৃত্বে গাজীপুর শহরে আনন্দ মিছিল বের হয়। সিটি বাস্তবায়ন কমিটির সভাপতি ও গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চান্দনা চৌরাস্তায়ও আনন্দ মিছিল হয়।