কোন বাণিজ্যিক কনসার্টে অংশ নিতে নয়, স্রেফ বাংলা মিউজিককে সত্যিকার অর্থে প্রমোট করার জন্যই লন্ডনভিত্তিক বাংলা ব্যান্ড লক্ষীট্যারা ঢাকায় এসেছে মূলধারার শিল্পীদের গান সংগ্রহ ও বাংলা মিউজিককে বিশ্বদরবারে তুলে ধরার প্রয়াসে। ২০০৬ সালে লন্ডনে পারফর্ম শুরু করে আজ অবধি বিশ্বের বিভিন্ন দেশে পারফর্ম করেছে বাংলা গানের জ্যাজ ফিউশন। মূলত অ্যাফ্রো বিট-এর গানেই তারা অভ্যস্ত। এর আগে কয়েকবার বিভিন্ন কনসার্টে অংশ নিতে এলেও এবারে সত্যিকারের বাউলদের সাথে তাদের গান আর ওয়ার্ল্ড মিউজিকের মিশ্রণ ঘটাতেই দেশের বিভিন্ন এলাকা তারা পরিদর্শন করছে। নিজেদের উদ্যোগেই খুঁজে বেড়াচ্ছে বাংলা সঙ্গীতের শেকড় পর্যায়ের মিউজিশিয়ানদের। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত ঢাকায় অবস্থান করবে এই ব্যান্ডদল। এর মাঝে আগামী ১৮ জানুয়ারি গুলশানে একটি জ্যাজ ফিউশন কনসার্টে পারফর্ম করবেন তারা।
