চট্টগ্রাম-১২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জালালউদ্দিন আহমেদকে নির্বাচনে অংশগ্রহণ ও প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য আবেদন করা হয়েছে। আজ বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। গতকাল হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনের করা আবেদনটি চেম্বার জজ আদালতে উপস্থাপন করেন অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এম কে রহমান। চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আদালতে জালালউদ্দিনের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক উপস্থিত ছিলেন।
জালালউদ্দিনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেয়া আদেশের কার্যকারিতা গত ৭ জানুয়ারি তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ।
এম কে রহমান সাংবাদিকদের বলেন, জালালউদ্দিনের মনোনয়নপত্রের সঙ্গে যে এক শতাংশ ভোটারের তালিকা দেয়া হয়েছে সেটি ভুয়া। এ কারণে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।
