হরিণাকুন্ডুতে ধান চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক!

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
উত্পাদন খরচের তুলনায় ধানের মূল্য কম থাকায় বোরো মৌসুমে ধান চাষে আগ্রহ হারাচ্ছে হরিণাকুন্ডুর কৃষকরা। ধানের পরিবর্তে সেই জমিতে কৃষক এখন চাষ করছে তামাক কিম্বা ভুট্টা। উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপসি ও হাইব্রিড মিলে হরিণাকুন্ডু উপজেলায় এ বছর ৭ হাজার ৭শ’ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু গত কয়েকদিন যাবত্ প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় কোল্ড ইন্জুরিতে বিনষ্ট হয়েছে অধিকাংশ কৃষকের বোরো বীজতলা। তার উপর বৃদ্ধি পাচ্ছে ডিজেলের দাম। অন্যান্য কৃষিসামগ্রী ও শ্রমের মূল্যও বৃদ্ধি পেয়েছে, সব মিলে এক বিঘা ( ৪০ শতক) জমিতে ধান উত্পাদন খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। ঐ একই জমিতে ধান উত্পাদন হয় ২৮ থেকে ৩০ মণ (৪০ কেজিতে ১ মণ )। যার বর্তমান বাজার মূল্য ১৪ থেকে ১৫ হাজার টাকা। এ কারণে বোরো চাষে আগ্রহ নেই উপজেলার কৃষকদের। তাছাড়া গত আমন মৌসুমেও ধান চাষ করে কৃষক উত্পাদন খরচ পোষাতে পারেনি। এতে চলতি বোরো মৌসুমে হরিণাকুন্ডুতে ধানের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশংকা।