যুদ্ধাপরাধীদের আর ক্ষমতায় চায় না জনগণ :দীপু মনি

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদী এবং যুদ্ধাপরাধীদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। তিনি এদের ক্ষমতায় আসা ঠেকাতে এবং জনগণের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে জয়ী করার আহবান জানান। চট্টগ্রামের লালদীঘির ময়দানে নবনির্বাচিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার এ কথা বলেন। নবনির্বাচিত যুবলীগ চেয়ারম্যানের এই গণসংবর্ধনার আয়োজন করে যুবলীগ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা। মহানগর যুবলীগ সভাপতি চন্দন ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, যুবলীগের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, নুরুল ইসলাম বিএসসি এমপি, শামসুল হক চৌধুরী এমপি, মোসলেম উদ্দিন আহমেদ, কাজী ইনামুল হকসহ সংগঠনটির অন্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষকে বিশ্বমানব হওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন শেখ হাসিনা। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক তারই অনুসারী। ড. হাসান মাহমুদ গাড়ি ভাংচুরের মানসিকতা থেকে আলোচনার মানসিকতায় ফিরে আসতে বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহবান জানান। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে সমুন্নত রাখতে, যুদ্ধাপরাধীদের বিচার, সংবিধানের আলোকে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠান ও আন্দোলন-সংগ্রামে অতীতের মতো যুবলীগ ভূমিকা পালন করবে বলে জানান যুবলীগ চেয়ারম্যান। দেশের সকল অপশক্তিকে ঠেকানোর সংগ্রামে যুবলীগকে এগিয়ে আসার আহবান জানিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।