বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের এ এস আই’র মারপিটে একজন নিহত হয়েছে। জানা যায়, গত ৯ জানুয়ারী বেলা দেড়টায় নন্দীগ্রাম উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের চক কড়ই গ্রামের ফকির আলী মোল্লার ছেলে হারেজ আলীসহ (৫৫) ৪ জন হাট কড়ই বাজারে তাস খেলছিল। ওই সময় নন্দীগ্রাম থানার এ এস আই প্রদীপ কুমার হারেজ আলীকে সেখান থেকে ধরে বেদম মারপিট করে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। এরপর পরিস্থিতি বেগতিক দেখে এ এস আই প্রদীপ কুমার দ্রুত ঘটনাস্থল থেকে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
পুলিশের হাতে হারেজ আলী নিহত হওয়ার ঘটনায় হাট কড়ই বাজারে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে উপস্থিত স্থানীয় জনতা এ এস আই প্রদীপ কুমারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সমাবেশ গড়ে তোলে। ওই ঘটনার খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারীশ, বগুড়া বি-সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষী এ এস আই প্রদীপ কুমারকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দিলে উপস্থিত জনতা শান্ত হয়। নিহত হারেজ আলী ইউপি সদস্য ফিরোজা খাতুনের পিতা।
